দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ২০২৬-২০২৭ অর্থবছরের (৬৯তম) আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জিল বাংলা সুগার মিলস কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আলোচনা সভার পর ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

আলোচনা সভায় বক্তারা দেশের চিনি শিল্পকে লাভজনক ও আধুনিকায়ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সংসদ সদস্যগণ তাঁদের বক্তব্যে বলেন, জিল বাংলা সুগার মিলস এই অঞ্চলের অর্থনীতি ও হাজারো আখচাষির জীবন-জীবিকার প্রধান চালিকাশক্তি। মিলটি সচল রাখতে এবং চিনির উৎপাদন বাড়াতে কৃষকদের সময়মতো আখের ন্যায্যমূল্য পরিশোধ, উন্নত জাতের বীজ ও সার সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই সাথে আখচাষিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

সভাপতির বক্তব্যে বিএসএফআইসি চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আখচাষিদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক আখচাষি উপস্থিত ছিলেন।