যে কারণে ‘আওয়ারাপন ২’-তে নেই কোন চুমুর দৃশ্য

একসময় বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবেই পরিচিত ছিলেন ইমরান হাশমি। পর্দায় একের পর এক চুম্বন দৃশ্যে অভিনয় করে তৈরি করেছিলেন আলাদা এক পরিচিতি। তবে সময়ের সঙ্গে সেই ইমেজ থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন এই অভিনেতা। তার সর্বশেষ সিনেমা ‘আওয়ারাপন ২’ যেন তারই আরেকটি উদাহরণ। কারণ, ছবিতে ইমরান থাকলেও নেই কোনো চুমুর দৃশ্য। কিন্তু ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরানের সিনেমায় এমন দৃশ্য না রাখার কারণ কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন ‘আওয়ারাপন ২’ সিনেমার চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকী। তিনি জানিয়েছেন, চুমুর দৃশ্য না রাখার সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। চিত্রনাট্য লেখার সময়ই বিষয়টি নিয়ে সচেতন ছিলেন নির্মাতারা। কারণ, সিনেমার কেন্দ্রীয় চরিত্র শিবমের আবেগ ও মানসিক অবস্থার সঙ্গে এমন কোনো দৃশ্য একেবারেই মানানসই ছিল না। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আওয়ারাপন’। দীর্ঘ ১৯ বছর পর তৈরি হয়েছে সিনেমাটির সিক্যুেয়ল ‘আওয়ারাপন ২’। মূল সিনেমাটিতেও কোনো চুম্বন দৃশ্য ছিল না। তবে সিক্যুেয়লে একই বিষয় ধরে রাখার পেছনে শুধু আগের সিনেমার ধারাবাহিকতা বজায় রাখাই উদ্দেশ্য ছিল না। ‘আওয়ারাপন ২’ সিনেমার গল্পে শিবম এখনও তার মৃত প্রেমিকার স্মৃতিতে আটকে আছেন। সেই ভালোবাসা তার কাছে শুধুই অতীতের কোনো সম্পর্ক নয়; বরং তার জীবনযাপন, সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পথচলার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বিলাল সিদ্দিকীর মতে, ইমরান হাশমির জনপ্রিয়তা কিংবা দর্শকের প্রত্যাশার কথা মাথায় রেখে জোর করে কোনো রোমান্টিক দৃশ্য যুক্ত করা হলে তা চরিত্রটির আবেগের সঙ্গে সাংঘর্ষিক হতো। এতে সিনেমার গল্পের গভীরতাও নষ্ট হতে পারত। চিত্রনাট্যকার বলেন, ‘ছবিটি দেখার পর দর্শকরা এখন বুঝতে পারছেন যে, চরিত্রটির সঙ্গে এমন কিছু করাটা একেবারেই অন্যায় হতো। এটি ভীষণ কৃত্রিম বা জোর করে বসানো বলে মনে হতো।’ তিনি আরও ব্যাখ্যা করেন, শিবমের কাছে তার মৃত প্রেমিকা এখন আর শুধুই ভালোবাসার মানুষ নন। তার স্মৃতি শিবমের জীবনের চালিকাশক্তিতে পরিণত হয়েছে। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনেই রয়েছে সেই সম্পর্কের প্রভাব। তাই নতুন করে প্রেমে পড়া কিংবা নতুন কোনো রোমান্টিক সম্পর্কে জড়ানোর চেয়ে শিবমের কাছে নিজের লড়াই এবং মৃত প্রেমিকার স্মৃতিই বেশি গুরুত্বপূর্ণ। এমন একটি চরিত্রের ক্ষেত্রে চুম্বন দৃশ্য যোগ করা গল্পের আবেগকে দুর্বল করে দিত বলেই মনে করেছেন নির্মাতারা। ফলে ইমরান হাশমির পুরোনো ‘সিরিয়াল কিসার’ পরিচিতিকে একপাশে রেখে ‘আওয়ারাপন ২’ সিনেমায় চরিত্রের আবেগ ও গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। চুম্বন দৃশ্য ছাড়াও দর্শকের কাছে ইমরানের অভিনয় ও চরিত্রটি গ্রহণযোগ্যতা পেয়েছে-এটিই এখন সিনেমাটির অন্যতম আলোচিত দিক।