শেরপুরে গণশুনানিতে সহায়তা পেলেন ২১৮ জন সেবাপ্রার্থী

শেরপুর সংবাদদাতা
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমস্যা ও প্রয়োজনের কথা নিয়ে এসেছিলেন ২৫৪ জন সেবাপ্রার্থী। তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। গণশুনানি শেষে ২১৮ জন সেবাপ্রার্থীকে দেওয়া হয় নগদ আর্থিক সহায়তা। পাশাপাশি দুজনকে দুটি হুইলচেয়ার এবং চিকিৎসার জন্য আরও দুজনকে ওষুধ কিনে দেওয়া হয়। যেসব আবেদন সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজন, সেগুলো যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ দেন জেলা প্রশাসক। আর যেসব বিষয়ে জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে সহায়তার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।