খাদেমুল ইসলাম
জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মনোনীত করায় আনন্দে ভাসছে তার নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ তথা পুরো জামালপুর। গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেছেন তিনি। এ সংবাদ প্রচারের সাথে সাথে দেওয়ানগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা ছাড়াও জামালপুর জেলা শহরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়েছে এবং দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল আনন্দ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে, পরে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। জানা যায়, ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রথম জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত। সেই সময় তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর এই প্রথম দেওয়ানগঞ্জ উপজেলায় এম রশিদুজ্জামান মিল্লাত প্রথমে প্রতিমন্ত্রী ও পরে পূর্ণ মন্ত্রিত্ব লাভ করলেন।
স্বাধীনতার ৫৫ বছর পর পূর্ণ মন্ত্রী পেল দেওয়ানগঞ্জবাসী রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
