ইসলামপুর সংবাদদাতা : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে গবাদিপশুর জন্য ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে পশু চিকিৎসা, পরামর্শ ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার ২৭ নভেম্বর গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর এলাকায় সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এমপির বাড়ির মোড় সংলগ্ন স্থানে এই বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে স্থানীয় খামারি ও গবাদি পশু পালনকারীদের মাঝে গবাদি পশুর বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকা এবং কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়। এই টীকাদান কার্যক্রম পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডাঃ রেজাউল করিম খান, যা সম্পন্ন হয় জামালপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আঃ আলীমের তত্ত্বাবধানে।এ সময় উপস্থিত ছিলেন ভিএফএ তৌহিদুল ইসলাম, এলএসপি আব্দুল খালেক, হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক খামারি। ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আঃ আলীম জানান, প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে এসব সেবা পৌঁছে দিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।
ইসলামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও কৃমিনাশক বিতরণ
