শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত

শেরপুর সংবাদদাতা
শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের শেরপুর-জামালপুর সড়কের পাশের একটি বাজার এলাকা থেকে এবার ধুম কাছিম উদ্ধার করে পরে তা জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। গত ২৬ অক্টোবর সোমবার রাতে আমতলী বাজারের একটি দোকানের পিছনে এ কাছিমটি দেখতে পেয়ে ওই গ্রামের আলিম পরীক্ষার ফলপ্রার্থী মো. সাইদুর রহমান সিয়াম এটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সিয়াম দিকপাড়া গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।
পরে সিয়াম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে পৌছে ধুম কাছিমটিকে জলাশয়ে অবমুক্ত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া ধুম কাছিমটির ইংরেজী নাম পিকক মার্কড সফটশেল টার্টল। এরা নিশাচর। জলচর, কম আক্রমনাত্মক। এরা সর্বভুক; শামুক, কেচো, চিংড়ি, মাছ, ব্যাঙ, মরা-পচা প্রাণী, কীটপতঙ্গের লার্ভা, জলজ উদ্ভিদ ইত্যাদি খায়। এদের আবাস নদী, হ্রদ, পুকুর ও খাদ। এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, দেশে কচ্ছপের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। নানা কারণে এদের সংখ্যা আশংকাজনক হারে কমে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ এর তপসীল ১ (খ) অনুযায়ী কচছপ সংরক্ষিত প্রাণী। তাই এটির শিকার, হত্যা বা এর কোনো ক্ষতিসাধন করা ২০২৬ এর ধারা ৪১ (৩) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।