মাদারগঞ্জ সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ সাবেক এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।
গত সোমবার ২৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকার ফজল হকের ছেলে নজরুল ইসলাম (৩৫), মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দরৌহা শাহীন বাজার এলাকার রফিক মিয়ার ছেলে ওমর ফারুক (৩২) এবং একই এলাকার রহিমের ছেলে চঞ্চল (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ওমর ফারুক মেলান্দহ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ নাংলা ইউনিয়ন ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি ২৭ নম্বর বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় নজরুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারিক কার্যক্রমের জন্য তাঁদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক
