রৌমারী সীমান্তে ককটেল বিস্ফোরন, যুবককে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ

রৌমারী সংবাদদাতা ; কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ককটেল বিস্ফোনের মুখে মিস্টার আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত সোমবার ১২ জানুয়ারি উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬৩ মেইন সাব পিলার ১ এস কাছে এ ঘটনা ঘটে। আটক মিস্টার আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সোমবার রাত ৩টার দিকে চোরাকারবা খাটিয়ামারী গ্রামের সামনে ২ টি গ্রুপের ৭/৮ জনের ২ দলের সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে কম্বল পারাপার করছিল। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের চলে যেতে বলেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এরপরও তারা সরে না গেলে বিএসএফ গেট খুলে আকস্মিক ককটেল বিষ্ফোরন শুরু করে। গুলির শব্দে দলের অন্যরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ মিস্টার আলীকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধীন মোল্লারচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন জানান, একজন বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা শুনেছি। তবে ঘটনাটি আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে নয়, বরং ১০৬৩ নম্বর পিলারের কাছ থেকে ঘটেছে।
অন্যদিকে, রৌমারী সদর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলির শব্দ বা কাউকে বিএসএফ ধরেছে কি না আমি জানি না।