জামালপুরের স্কুলে বোরকাপরা কিশোর আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাটাহদ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরিহিত অবস্থায় ১৬ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। সন্দেহজনকভাবে ছাত্রীদের কমনরুমে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক কিশোর পাটাদহ কয়রা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বোরকা পরিহিত এক লোক বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের সন্দেহ হয় তার চলাফেরা ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে কিশোরের দেখা পায়।

পাটাদহ কয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়া কিশোর গত বছর এই বিদ্যালয়েই অষ্টম শ্রেণিতে পড়ত। পরবর্তীতে সে বিদ্যালয় পরিবর্তন করে জোনাইল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কেন সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

মাদারগঞ্জ থানার ওসি শাকের আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।