আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ২০২৬-২৭ মৌসুমে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরেই এই ঘোষণা দিলেন ডুসেন। সর্বশেষ চুক্তিতে জায়গা না পাওয়া ক্রিকেটারদের মধ্যে ডুসেন এবং ডেভিড মিলার ছিলেন বড় নাম। ইনস্টাগ্রাম পোস্টে অবসরের বার্তায় তিনি লিখেছেন, গর্বিত হৃদয় আর গভীর কৃতজ্ঞতা নিয়েই এই সিদ্ধান্ত জানাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে তোলার অভিজ্ঞতাকে তিনি জীবনের সর্বোচ্চ সম্মান হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, দেশের হয়ে খেলা এমন এক দায়িত্ব, যেখানে দৃঢ়তা ও নিষ্ঠার কঠিন পরীক্ষা দিতে হয়, তবে সেই পথই শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি এনে দেয়। ভ্যান ডার ডুসেন জানিয়েছেন, এই যাত্রা সহজ ছিল না; বছরের পর বছর ত্যাগের মধ্য দিয়েই এগোতে হয়েছে। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলেছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পুরোপুরি ক্রিকেট থেকে সরে যাচ্ছেন না তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজের দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং ধীরে ধীরে কোচিংয়ে যুক্ত হওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন। ২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এরপর ধীরে ধীরে তিন সংস্করণের ক্রিকেটেই জায়গা করে নেন ডানহাতি এই ব্যাটার। ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ, ৭১টি ওয়ানডে ও ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি ছিল ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে দীর্ঘদিন ভরসার প্রতীক ছিলেন ভ্যান ডার ডুসেন। প্রোটিয়া এই ব্যাটারের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০২৩ ওয়ানডে বিশ^কাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১৩৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি, যা তার সেরা পারফরম্যান্সগুলোর একটি হিসেবে বিবেচিত।
Related Posts
সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো মেক্সিকো
- আজ ডেস্ক
- June 20, 2026
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা […]
জিম্বাবুয়ে সিরিজের লক্ষ্যে দেশ ছাড়ল টাইগাররা
- আজ ডেস্ক
- June 21, 2026
একটি টেস্ট এবং সাদা বলের সিরিজ খেলতে গতকাল রোববার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। […]
ফাহাদের এগিয়ে যাওয়ার চাবিকাঠি ‘মানসিক শক্তি’
- আজ ডেস্ক
- August 12, 2025
একের পর এক সিরিজ জিতে চলেছে বাংলাদেশ অ-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর […]
