দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে ৫ শিশু নিহতের স্থানে নদে পারাপার নৌকায়

দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে পৌর কর্তৃপক্ষের নির্মিত ভাসমান ড্রাম্পসেতু উল্টে গিয়ে ৫ শিশু নিহতের স্থানে বর্তমানে নৌকাযোগে পারাপার হচ্ছে এলাকাবাসী।
দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে মডেল থানার সামনে পুরনো ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুটি গত ঈদুল ফিতরের দিন ২১ মার্চ শনিবার মানুষের ভিড়ে হঠাৎ উল্টে গিয়ে শতাধিক নারী-পুরুষ পানিতে ডুবে যায। সাঁতার জানা মানুষ সাঁতরে পাড়ে উঠতে পাবলেও পানিতে নিমজ্জিত হয়ে মারা যায় ৫ শিশু। তারা হচ্ছে আবির হোসেন (১৫), আব্দুল মোতালেব (৬), খাদিজা (১২) এবং দুই ভাইবোন মায়ামণি (১০) ও মিহাদ হাসান (১৩)। এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত কমিটির প্রধান জানান, তারা ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার আশা করেন। এতে দুই-একদিন সময় বেশি লাগতেও পারে। তারা আরও জানান, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মধ্যে ২৫ হাজার টাকা হিসেবে ১ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তদন্তকালে এলাকাবাসী দুর্ঘটনাস্থলে জরুরিভিত্তিতে একটি সেতু নির্মাণ ও ৫ শিশু মৃত্যুর স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানান।