জাতীয় সংসদে আরও ১০টি বিল পাশ

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাশ হয়েছে। গতকাল শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন সকালের সেশনে উত্থাপিত বিলগুলো পাশ করা হয়। উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনও সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ হয়। গতকাল শুক্রবার সকালে পাশ হওয়া বিলগুলো হচ্ছে- ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’, ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাশে হ্যাঁ ভোট দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিল পাশ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এসময় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলনে নামেন। পরে সরকার এই সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেয় এবং অধ্যাদেশ জারি করে। গতকাল শুক্রবার সেই অধ্যাদেশ সংসদে পাশ হলো।
নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অধিকতর সংশোধন কল্পে আনীত একটি বিল নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনে পর সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিলটি পাশ প্রস্তাব সংসদে উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। সংসদে মন্ত্রী বলেন, আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অধিক সংশোধন কল্পে আনীত একটি বিল নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল ২০২৬ মহান সংসদে উত্থাপিত হলো। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীকে সংসদে উত্থাপিত আকারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানান। এরপর মন্ত্রী বিলটি প্রস্তাব করেন। এরপর ভোটে বিবেচনা গৃহীত হয়। বিলটির ওপর দফাওয়ারি কোন সংশোধনী না থাকায় বিলের দফা গুলো মহান সংসদের সামনে পেশ করেন ডেপুটি স্পিকার। পরে সর্বসম্মতিক্রমে বিলটি জাতীয় সংসদে পাশ হয়।

বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ পাশ: বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধিকতর সংশোধনের লক্ষ্যে আনা বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ-২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এসময় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন।

গ্রামীণ ব্যাংক সংশোধন বিল: গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ সংশোধনের জন্য আনা গ্রামীণ ব্যাংক সংশোধন বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ সংশোধন কল্পে আনা একটি বিল গ্রামীণ ব্যাংক সংশোধন বিল ২০২৬ এই সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এরপর ডেপুটি স্পিকারের অনুমতি সাপেক্ষে অর্থমন্ত্রী গ্রামীণ ব্যাংক সংশোধন বিল ২০২৬ সংসদে উত্থাপন করে তা অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার গ্রামীণ ব্যাংক সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করার ভোটে দেন। এরপর বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিলটির দফা ওয়ারি কোনো সংশোধন না থাকায় তিনি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করেন।