সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। মাইনাস পয়েন্টে ছিলেন ড. ইউনূস। তিনি একটা পর্যায়ে মাইনাস থেকে অন্তত শূন্যতে নিয়ে এসেছেন। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরও কার্যক্রম শুরু করে যাচ্ছি। গতকাল শনিবারদুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা বাংলাদেশে উন্নয়ন কাজ শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজ এ দাপনাজোর ব্রিজের কাজ উদ্বোধন করলাম। আজই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারাদেশেই এ সরকারের মেয়াদে ইনশাআল্লাহ উন্নয়ন কার্যক্রম এমনভাবে হবে, যাতে করে সারাদেশের মানুষ সেই উন্নয়নের সুফল পেতে পারে। তিনি বলেন, ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের রাস্তার কথা আমি আমার নির্বাচনের সময়ও বলেছি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের রাস্তা, বাসাইল বাজারে যে ট্র্যাফিক জ্যাম হয়- এখানে একটা বাইপাস করার চিন্তা করছি। এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অনেকে।