জম্মু-কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২০

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদিকে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গতকাল সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। সকাল প্রায় ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রামনগর থেকে উধমপুরগামী বাসটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উল্টে যায় এবং পরে পাহাড়ি ঢাল বেয়ে নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার ও সরিয়ে নেয়ার কাজে অংশ নিয়েছেন। আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের অনেকের অবস্থাই গুরুতর। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বাস দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘উধমপুরে বাস দুর্ঘটনায় প্রাণহানির খবর পেয়ে আমি ব্যথিত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই দুঃসময়ে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং গুরুতর আহতদের এয়ারলিফটসহ সব ধরনের সহায়তার ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, ‘উদ্ধার কাজ দ্রুত শুরু হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং গুরুতর আহতদের এয়ারলিফটের প্রস্তুতি নেয়া হচ্ছে।’ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় সব সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।