নিজস্ব সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে যৌতুকের জন্য খাদিজাতুল কোবরা (২০) নামে এক গৃহবধুর মুখ থেতলে দিয়েছে পাষুন্ড স্বামী সুমন ইসলাম (২৩) ও তার পরিবারে লোকজন। এঘটনায় মেয়ের বাবার দায়ের করা মামলায় জামিন নিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে স্বামী ও তার পরিবারের লোকজন। গত সোমবার ১৯ এপ্রিল বিকেলে মাহমুদপুর বাজারে মামলা তুলে নিতে হুমকি দেয় আসামী পক্ষের লোকজন। অভিযুক্ত সুমন ইসলাম মাহমুদপুর ইউনিয়নের ইমামপুর এলাকার জিয়াউল সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসের দিকে মাহমুদপুর স্বামী আগপয়লা ঠেংগেপাড়া এলাকার সোজা মিয়ার মেয়ে খাদিজাতুল কোবরার সঙ্গে একই ইউনিয়নের ইমামপুর এলাকার জিয়াউল সরদারের ছেলে সুমন ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর সুমন ইসলাম একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবী করে। স্ত্রী খাদিজাতুল কোবরা মোটরসাইকেল কেনার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অমানষিক নির্যাতন করে সুমন ইসলাম। পরে মেয়ের বাবা সোজা মিয়া মেয়ের সংসারের শান্তির জন্য মোটরসাইকেল ক্রয় বাবদ সুমন মিয়ার পরিবারকে দুই লক্ষ ২০ হাজার টাকা দেয়। চলতি বছরের মার্চের ১৪ তারিখে সুমন ইসলাম আবারো দুই লক্ষ টাকা দাবী করলে সোজা মিয়ার মেয়ে খাদিজাতুল কোবরা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী সুমন ইসলাম ও তার পরিবারের লোকজন গৃহবধু খাদিজাতুল কোবরাকে শারিরিকভাবে নির্যাতন করে। এতে ওই গৃহবধু অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফেললে সুমন ইসলাম ও তার পরিবারের লোকজন গৃহবধুর পরিবারকে না জানিয়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে বাড়ীতে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনার তিনদিন পর গৃহবধুর বাবা সোজা মিয়া ঘটনা জানার পর মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় গৃহবধু খাদিজাতুল কোবরার বাবা সোজা মিয়া বাদী হয়ে মেয়ে জামাই সুমন ইসলামসহ তিনজনকে আসামী করে মেলান্দহ থানায় মামলা (নং- ২২, ১৯/০৩/২৬) দায়ের করেন। মামলার আসামীরা হলেন, মাহমুদপুর ইউনিয়নের ইমামপুর এলাকার জিয়াউল সরদারের ছেলে সুমন ইসলাম (২৩), ছালাম সরদারের ছেলে জিয়াউল সরদার (৪৬) ও জিয়াউল সরদারের স্ত্রী বানেছা বেগম (৪২)।
সুজা মিয়া জানান, আমার দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনে মুক্ত হয় অভিযুক্তরা। কিন্ত পরবর্তীতে ব্যবসার কাজে মাহমুদপুর বাজারে গেলে অভিযুক্ত সুমন ইসলাম, তার বাবা জিয়াউল সরদারসহ তাদরে পরিবারের লোকজন মামলা তুলে নেয়ার জন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে জিয়াউল সরদার বলেন, আমার ছেলে সুমন ইসলাম ও তার স্ত্রী খাদিজাতুল কোবরা মারামারি করছে। সে সময় আমি ও আমার স্ত্রী কেউ বাড়ীতে ছিলাম না। মামলায় আমাদের নামও দেয়া হয়েছে। আমরা কোন হুমকি দেয়নি।
নারী নির্যাতন মামলা তুলে নিতে মেয়ের বাবাকে হুমকির অভিযোগ
