ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী কর্মকর্তারা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। গতকাল সোমবার সকালে এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি পুলিশ হেডকোয়ার্টার্সে আসে। পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উভয়ের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়। এনডিসি টিমের সফর উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রেটিতে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বাহিনীর বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা কার্যক্রম ও সাম্প্রতিক উদ্যোগ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সাইবার ক্রাইম মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন। সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “এনডিসি টিমের এই সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।” এই ধরনের সফর পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাগত সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, “দেশের যেকোনও প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছেন।” প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার মোট ১০৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
সশস্ত্র বাহিনী ও পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
