এলএনজি-সার আমদানিসহ সম্পর্ক জোরদারে আলজেরিয়ার সঙ্গে আলোচনা

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, এলএনজি ও সার আমদানি সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ আলোচনা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। উভয়পক্ষ আশা প্রকাশ করে, এ উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আলজেরিয়ার আগ্রহের কথাও জানান তিনি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে নেওয়ার জন্য আলজেরিয়াকে আহ্বান জানান তিনি। বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলজেরিয়ার রাষ্ট্রপতি এ আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। তিনি সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।