মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা.এজেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানোর জন্য, কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না বিএনপি। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,শ্রেণি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও সেই লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সামগ্রিকভাবে এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের মানুষের নানা সীমাবদ্ধতা রয়েছে। দিনাজপুর জেলা শহর থেকেও এ অঞ্চলের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। এ পরিস্থিতিতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। মন্ত্রী আরও বলেন, তরুণদের জাগিয়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তাদের সচেতন করাই এ চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য। এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও কার্যকরভাবে এ ধরনের আয়োজন করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, দিনাজপুর-৬ আসনের পাশাপাশি পুরো দিনাজপুর জেলাকে দেশের সামনে আরও সম্ভাবনাময় ও সক্ষম অঞ্চল হিসেবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। মেলা বিকাল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।