জামালপুরে সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

নিজস্ব সংবাদদাতা
জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা ও ৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের রুপার গহনা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে পুরোনো বাসায় যান আবুল কাশেম। পরদিন ২৬ অক্টোবর সকালে নতুন বাসায় ফিরে তিনি বারান্দার গ্রিল ও চারটি দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার গহনা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুস সাকিব জানান, উক্ত বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।