দেওয়ানগঞ্জ সংবাদদাতা
বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় মিল প্রাঙ্গণে ঔষধি গাছ নিম ও ফলজ গাছ নারিকেলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের ইনচার্জ কৃষিবিদ মো. ফেরদৌসুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (অর্থ) শরিফ মো. জিয়াউল হক, জেনারেল ম্যানেজার (কারখানা) মো. খালেদ মাহমুদ, জেনারেল ম্যানেজার (কৃষি) মো. কাওছার আলী সরকার, জিয়া পরিষদের সদস্য ও জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. রকিবুল হক, ব্যবস্থাপক (তড়িৎ) মাহাবুবুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (সম্প্রসারণ) মুহাম্মদ আলাউদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (বীজ পরিদর্শন ও কৃষিতত্ত্ব) মো. মোস্তাফিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ঋণ) মো. জহিরুল ইসলাম সরকার, জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. রায়হানুল আজিম ইমরানসহ মিলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. ফেরদৌসুল আলম বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখার অন্যতম কার্যকর উদ্যোগ। ফলজ, বনজ ও ঔষধি গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য সমাজের সব স্তরের মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জিল বাংলা সুগার মিলস্ জামে মসজিদের পেশ ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দোয়া করা হয়।
জিবাসুমিতে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত
