জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতির সংবাদ সম্মেলন

শহর প্রতিনিধি
এডিট করে খণ্ডিত অডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান। সোমবার সকালে উপজেলা অফিস সংলগ্ন শ্রমিকদল নেতার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত এপ্রিল মাসে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছনকান্দা-চর যথার্থপুর বালুমহালের ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী তিনি সহ অন্যান্য আগ্রহীরা দরপত্রের সিডিউল ক্রয় করেন। ১৯ এপ্রিল ছিল দরপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন।
তিনি আরও বলেন, দরপত্র জমার আগের দিন ১৮ এপ্রিল স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা দরদাতাদের সমঝোতার বৈঠকে উপস্থিত হওয়ার আহ্বান জানান। পরবর্তীতে ১৯ এপ্রিল সকালে সংশ্লিষ্টরা সেখানে সমঝোতার বৈঠকে অংশ নেন। বৈঠকে আলোচনার ভিত্তিতে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের ‘আমেনা এন্টারপ্রাইজ’-এর নামে সর্বোচ্চ দরদাতা নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সিডিউলগুলো রুহুল আমীন মিলন ও জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আঃ হালিম সংগ্রহ করেন এবং তিনটি সিডিউল জেলা প্রশাসকের কার্যালয়ের টেন্ডার বাক্সে জমা দেওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে তিনি জানতে পারেন, সমঝোতার বাইরে গিয়ে গোপনে ‘আমেনা এন্টারপ্রাইজ’-এর বিড সরিয়ে ফেলে শামীম এন্টারপ্রাইজÑযা শামীম মাস্টারের স্ত্রীর নামে লাইসেন্সকৃতÑসেটিকে সর্বোচ্চ দরদাতা হিসেবে জমা দেওয়া হয়। এতে বালুমহাল সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, এ ঘটনার পর তার সঙ্গে হওয়া জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আঃ হালিমের একটি ফোনালাপ গোপনে রেকর্ড করে তা কেটে-ছেঁটে বিকৃতভাবে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে, যা গত দুই দিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে। এতে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। সংবাদ সম্মেলনে শেখ মোঃ আব্দুস সোবহান বলেন, “ফোনালাপের গুরুত্বপূর্ণ অংশ ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।” সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের প্রতি প্রকৃত ঘটনা যাচাই করে তা দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান।