ঝিনাইগাতী শহর রক্ষা বাঁধের কাজ না করায় চিন্তিত হয়ে পড়েছে এলাকাবাসী

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহরশি নদীর শহর রক্ষা বাঁধের কাজ না করায় চিন্তিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকাবাসী সহ বাজারের ব্যবসায়ীরা। ব্রিজপাড় ও ভূমি অফিস থেকে ছামিউল হাজির বাড়ি পর্যন্ত মহারশির নদীর শহর রক্ষা বাঁধটির বিগত কয়েক বছর থেকে মাটি ভরাটের কাজ না করার ফলে খানাখন্দে পরিণত হয়ে নিচু হয়ে গেছে রাস্তাটি। যার ফলে আসন্ন বর্ষা মৌসুমে মহারশির নদীর ভয়াবহ বন্যার পানি রাস্তা উপচে বাজারে ও বাড়িঘরে প্রবেশ করে বন্যার কবলে পড়ে শতশত পরিবার ও ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নদীর পূর্বদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে বাঁধ নির্মাণ করা হলেও পশ্চিম পাশের শহর রক্ষা বাঁধের কোন মাটি কাটার কাজ না হওয়ার ফলে আতংকিত হয়ে পড়েছে বাজারের ব্যবসায়ীরা। প্রতি বছর বন্যার গ্রাসে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো প্রশাসন এবং জনপ্রতিনিধিদের আশ্বাস ও সেলফি উঠানোর অভাব থাকে না। কিন্তু অপরিকল্পিত ভাবে কাজ, নদীর খনন ও পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণের কোন উদ্যোগ গ্রহণ না করার ফলে বছরের পর বছর জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এবার বন্যার আসার আগেই রাস্তাটির উপর মাটিকাটার কাজ করার জন্যে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।