বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার বেগম চন্দ্রাবাজ গ্রামের মৃত আরজাহান আলীর স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নিজ বাড়িতে মিলাদের আয়োজন করেন বৃদ্ধা শামসুন্নাহার। মিলাদ শেষে মধ্যরাতে শুয়ে পড়েন তিনি। সকালে ঘর থেকে তিনি বের না হলে বাড়ির লোকজন তার ঘরে যায় এবং হাতে বিদ্যুৎ এর তার জড়ানো দেখতে পায়। পরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য আরিফুজ্জামান দুদু জানান, স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধা শামসুন্নাহার নিজ ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে ও মেয়ে দুজনই ঢাকা থাকেন। শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৮ টার মধ্যে যেকোন সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় পরিবারের সাথে কথা বলে আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
