নতুন দায়িত্ব নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে গতি আনার কথা বলেছেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এক্ষেত্রে মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করাকে অগ্রাধিকারে রেখেছেন তিনি। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে পদোন্নতির পর গতকাল রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন রশিদুজ্জামান মিল্লাত। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এরপর মন্ত্রণালয় এবং অধস্তন দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। সভায় পদোন্নতি জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিল্লাত বলেন, “রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা টিম তৈরির মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই।” কাজের সুবিধায় সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করতে চান বলেও জানিয়েছেন। কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, “ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরো গতিশীল করতে বিতর্কিত আমলাতন্ত্রের বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিক চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি। জাপানিজ কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। “আগামী বছরে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য কাজ করে যাচ্ছি। বিমানের বহরে শিগগিরই ১০টি লিজকৃত বিমান যুক্ত করতে পারব বলে আশা রাখছি।” ঈশ^রদী বিমানবন্দর প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহণের সুবিধার্থে শিগগিরই ফ্লাইট চালুর কথা ভাবছি আমরা। “যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট কমে যাওয়ায় ইউএস বাংলার সঙ্গে ফ্লাইট চালুর জন্য কথা বলেছি। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের চালুর ব্যাপারে আশা রাখছি আমরা।” এ সময় মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। বিএনপির সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার বাড়িয়েছেন। এনেছেন রদবদলও। প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরই মন্ত্রীর দায়িত্ব পান। আর মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিও তিনি। ছিলেন জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি। ২০০১ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন তিনি। সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদে যান। তার জন্ম ১৯৬১ সালের ১৪ জানুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর গ্রামে।
বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান মন্ত্রী মিল্লাত
