সাংবিধানিক নিয়ম মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

সাংবিধানিক প্রক্রিয়ার নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে এমন নির্বাচন হবে, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধান এবং গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ড. আবদুল মঈন খান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়। জনগণকে সরাসরি সেবা দেওয়ার ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি কাজ করার কারণে মন্ত্রণালয়টি সঠিকভাবে পরিচালিত হলে পুরো দেশ সঠিকভাবে পরিচালিত হবে। তিনি বলেন, সরকার সব মানুষের সেবা করবে। তবে দরিদ্র মানুষের সেবাকে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর ভাষ্য, বিগত ১৭ বছরে ধনিক শ্রেণিকে সেবা দিতে গিয়ে দরিদ্র মানুষের অধিকার হরণ করা হয়েছিল। দরিদ্র মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও কাজ করা হবে। দেশের জনগণই সরকারের অগ্রাধিকার। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছেন। দরিদ্র মানুষের প্রয়োজন মেটানোর লক্ষ্য নিয়েই সরকার কাজ করবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। দীর্ঘদিন পর ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার কাজ করছে। তিনি বলেন, “এক বছর দীর্ঘ সময়। ” সংবিধানের নিয়মকানুন মেনে, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন। মন্ত্রী আরও বলেন, শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় নয়, সরকারের সব পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আসতে হবে। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ^াস করে না, তারা আইনের শাসনের রাজনীতিতে বিশ^াস করে। সরকার সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার পথে এগিয়ে যাচ্ছে। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতি করবে, যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকারের সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঘিরে লুটপাট ও দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, তা থেকে বেরিয়ে আসতে তারা কাজ করছেন।