মেঘনায় সাড়ে ৫ লাখ গলদা চিংড়ির পোনা জব্দ, ৩৫ জেলের জরিমানা

মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় জাটকা ও পাঙ্গাসের পোনা ধরার অপরাধে মোট ৩৫ জন জেলেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশালের হিজলা উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, বরিশালের মেঘনা নদীতে গত রাতে হিজলা মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে ১৪টি ড্রামভর্তি আনুমানিক ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। পরে রেণু পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ট্রলারসহ রেণু পোনা পরিবহনের সব ধরনের মালামাল জব্দ করা হয়েছে। হিজলা উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, চিংড়ি পোনা জব্দের বাইরে গত ২৪ ঘণ্টায় জাটকা ও পাঙ্গাসের পোনা ধরার অপরাধে মোট ৩৫ জন জেলেকে আটক করা হয়েছে এবং ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।