রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ রয়েছে। ওই আইনেই বলা আছে, স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণসহ বিভিন্ন প্রক্রিয়াগত বিষয় সম্পন্ন করা হবে। তিনি বলেন, আইনে নির্বাচন কবে হবে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়, মনোনয়নপত্র যাচাই-বাছাই (স্ক্রুটিনি) এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে বা একক প্রার্থী থাকলে কীভাবে প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। একইভাবে সংসদ অধিবেশনে থাকলে এক ধরনের ব্যবস্থা এবং অধিবেশন না থাকলে আরেক ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়ও আইনে বলা আছে। সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা প্রাথমিক আলোচনা করেছি। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যথাসময়ে আপনারা সব জানতে পারবেন। সূর্য উঠলে যেমন সবাই দেখতে পায়, তেমনি সময় হলে সব জানানো হবে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের পুরো আলোচনা হয়েছে। সিইসি আরও বলেন, নির্বাচন আয়োজনের প্রয়োজন হলে তা নির্বাচন কমিশন থেকেই পরিচালিত হবে। মনোনয়নপত্র এখানেই জমা হবে এবং নির্বাচন হলে এখানেই হবে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তবে একক প্রার্থী থাকলে এবং ভোটগ্রহণের প্রয়োজন না হলে আইন অনুযায়ী যেভাবে প্রক্রিয়া সম্পন্ন করার দরকার হবে, সেভাবেই করা হবে। সবকিছু পরে গেজেট আকারে প্রকাশ করা হবে এবং তখন বিস্তারিত জানানো হবে। ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা বলেছি আমরা প্রস্তুত। যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত। নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে, তাই প্রয়োজন হলে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারবো। সংসদ অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হবে কিনাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ অধিবেশনে থাকলেও হবে, না থাকলেও হবে। সংসদ অধিবেশন না থাকলে কীভাবে হবে, সেটিও আইনে বলা আছে। সরকার এ বিষয়ে কিছু জানিয়েছে কিনাÑ এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ওটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের আলোচনার বিষয়ও ছিল না। আমরা শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন তিনি। ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি তিনি লিখেছেন রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।