নিজস্ব সংবাদদাতা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন যুবদলের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে শহরের গেটপাড় এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। পরে শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতনসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র সুসংহত এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাদের প্রত্যাশা।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
