সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন ২ নং পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, অত্র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ পলাশ মিয়া ফারুক জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে পোগলদিঘা ইউনিয়নকে একটি জনবান্ধব, নিরাপদ, হাসিখুশি, সুখী-সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শহীদ জিয়ার আদর্শের সৈনিক, ছাত্রদলের একনিষ্ঠ ও নিষ্ঠাবান কর্মী, মোনারপাড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি মোঃ পলাশ মিয়া ফারুক বলেন, “জনগণ যদি আমাকে তাদের সেবা করার একটি সুযোগ দেয়, তবে আমি চেয়ারম্যান হিসেবে নয়, খাদেম হয়ে তাদের খেদমত করে যাবো আজীবন।”
‘আমার স্বপ্ন ও প্রত্যাশা, পোগলদিঘা ইউনিয়নবাসী যেন কোনো সরকারি-বেসরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে স্বচ্ছ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ও জবাবদিহিতার আওতায় আনা হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ, ইভটিজিং, চাঁদাবাজি ও বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইউনিয়ন পরিষদের সকল ত্রাণের সুষ্ঠু বিতরণ আমার নির্বাচনী ইশতিহারের অন্যতম অঙ্গীকার।”
“এছাড়া এলাকার প্রতিটি রাস্তাঘাট, হাট-বাজার, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হবে চোখে পড়ার মতো। পরিষদে থাকবে না কোনো স্বজনপ্রীতি। গরিব, দুঃখী, দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষ পাবে আস্থার এক নতুন ঠিকানা। ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে সিন্ডিকেট দূরীকরণ, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি ও উন্নত জাতের বীজ, সার, কীটনাশক ও কৃষি উপকরণ সরবরাহ, ছাত্র ও যুবকদের ক্রীড়াঙ্গনে আগ্রহী করে তোলা, মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন এবং গাড়ি চালকদের জন্য চাঁদাবাজমুক্ত পরিবেশ সৃষ্টি করতে চাই।”
“চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে চাই। সর্বোপরি পোগলদিঘাবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। যমুনা সার কারখানা গতিশীল করতে আমার সংগ্রাম চলবে আজীবন। তারাকান্দি রেলস্টেশন থেকে রাস্তার প্রশস্তকরণসহ যমুনা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করে গুয়াখড়া চরের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।”
“জনগণ যদি আমাকে জয়যুক্ত করে, তবে আমি কথা দিচ্ছি এলাকার সুশীল ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করব। তাদের পরামর্শে এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজে জনগণকে সম্পৃক্ত করব। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে, ক্ষমতার কোনো অপব্যবহার হবে না। কোনো নিরপরাধ লোক সাজা পাবে না এবং কোনো অপরাধীও ছাড় পাবে না-সে যে দলেরই হোক।”
পরিশেষে তিনি বিএনপির সকল নেতাকর্মী ও সুশীল সমাজের সুচিন্তিত মতামত, সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সকলের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন। সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ব্যারিষ্টার সালাম তালুকদারের রুহের মাগফিরাত কামনা করেন। সেই সাথে দেশনায়ক তারেক রহমান ও ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন।
পোগলদিঘা ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার -মোঃ পলাশ মিয়া ফারুক
