দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসর লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী ১৭ জুলাই কলম্বোর এসএসসি মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই জমকালো টুর্নামেন্ট। ২০২৪ সালের সর্বশেষ আসরের দুই ফাইনালিস্ট- বর্তমান চ্যাম্পিয়ন জাফনা এবং রানার্স-আপ গলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ১৭ জুলাই শুরু হয়ে আগামী ৮ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের এলপিএল। কলম্বোর এসএসসি মাঠে উদ্বোধনী ম্যাচের আগে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের আসরে অংশ নেবে মোট ৫টি দল- জাফনা, কলম্বো, ক্যান্ডি, গল এবং ডাম্বুলা। ফ্র্যাঞ্চাইজিগুলোর অফিশিয়াল নাম ও মালিকানার বিবরণ খুব শীঘ্রই লঙ্কান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। বিগত দুই আসরে প্লেয়ার অকশন বা নিলাম হলেও এবারের আসরে ফিরছে প্লেয়ার ড্রাফট। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এই ড্রাফট। ড্রাফট পদ্ধতি ফেরায় এবার কোনো ফ্র্যাঞ্চাইজিই আগের আসরগুলোর খেলোয়াড় রিটেইন বা ধরে রাখতে পারবে না, যার ফলে প্রতিটি দলেই আসবে বড় ধরনের পরিবর্তন। খেলোয়াড় নিবন্ধনের পোর্টালটি গত ৮ মে থেকে উন্মুক্ত রয়েছে, যা বন্ধ হবে আগামীকাল বুধবার। প্রতিটি স্কোয়াডে সর্বনিম্ন ১৮ জন থেকে সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় থাকতে পারবে। স্থানীয় ক্রিকেটের প্রসারে প্রতিটি দলে অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরির দুজন উদীয়মান লঙ্কান ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে অন্তত একজনকে মূল একাদশে খেলাতেই হবে। এছাড়া একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন। খেলোয়াড় নিবন্ধনের প্রাথমিক নির্দেশিকায় আইকন এবং স্টার ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বনিম্ন ২ লাখ ৫০ হাজার ফলোয়ার থাকার একটি অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছিল এসএলসি। এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হলে পরবর্তীতে লঙ্কান বোর্ড এই শর্তটি বাতিল করতে বাধ্য হয়।
১৭ জুলাই পর্দা উঠছে এলপিএলের
