৪৮ ঘণ্টায় চুরি হওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুইজন গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম
নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে প্রশংসিত এসআই রূপণ জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের একটি বাড়িতে চুরির ঘটনায় মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে খুলনা ও নরসিংদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ঘোড়াধাপ ইউনিয়নের রতন বাড়িতে চুরির ঘটনায় মাকসুদা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন। মামলার পর নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হকের দিকনির্দেশনায় পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই রূপণ, এএসআই সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল খুলনার একটি বস্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সাবিনাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী ইউনুসকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালের মধ্যে প্রায় ১৪ পয়েন্ট ৯ আনা স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও চারটি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক বলেন, একটি চক্র বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষের সঙ্গে আত্মীয়তা ও সখ্য গড়ে তুলে তাদের বিশ্বাস অর্জন করে। পরে সুযোগ বুঝে বাড়িঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অন্য এলাকায় চলে যায়। আবার কোথাও বাসা ভাড়া নিয়ে স্থানীয়দের সঙ্গে মিশে বিশ্বাস অর্জনের পর চুরির ঘটনা ঘটায়। প্রাথমিকভাবে গ্রেপ্তার দুজন স্বামী-স্ত্রী এ ধরনের ঘটনায় জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, চুরি ও অপরাধ দমনে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ তৎপর রয়েছে। প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা আলামতসহ সকালে আদালতে পাঠানো হয়েছে।