মাদারগঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের বাড়িঘর; দগ্ধ হয়ে গবাদিপশুর মৃত্যু

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দগ্ধ হয়ে একটি গরু ও দুটি ছাগল মারা গেছে। গত মঙ্গলবার ১৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তালতলা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিপ্রস্ত কৃষক ওমর মিয়া ওই এলাকার মৃত আব্দুস সোবহান মন্ডলের ছেলে। তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ওমর মিয়ার গোয়ালঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গোয়ালঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত বের হয়ে আসতে পারলেও বসতঘরের আসবাবপত্র ও গোয়ালঘরে থাকা একটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এছাড়া হাঁস-মুরগিও পুড়ে যায়।
খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।