৯৯৯ নম্বরে কল, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশুকে উদ্ধার

ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের যাত্রী সাত মাস বয়সী এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় লঞ্চে সহযাত্রী একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এ তথ্য জানিয়ে দ্রুত মেডিকেল ও উদ্ধার সহায়তার জন্য অনুরোধ জানান। গতকাল বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বিষয়টি গণমাধ্যমকে অবগত করেন। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা এবং উদ্ধারের জন্য বাংলাদেশ কোস্টকার্ড নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ফারজানা আক্তার এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট কোস্টগার্ড ইউনিটের সঙ্গে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই মো. আজগর আলী। সংবাদপ্রাপ্ত হয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল জরুরি চিকিৎসা সহায়তাসহ রওনা দেয়। মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চটিতে থাকা মুমূর্ষু শিশুটিকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়। এরপর অসুস্থ শিশুটিকে কোস্টগার্ডের দ্রুতগামী স্পিডবোটে করে সদরঘাটে পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে সদরঘাট থেকে অ্যাম্বুলেন্সে করে কুমির্টোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।