খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষি জমিতে এক্সাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মিজান নামের এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন উপজেলার উত্তরে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নে এক ভ্রাম্যমান আলাদতের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমিতে এক্সাভেটর মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে কৃষি জমি ও রাস্তার ক্ষতি সাধন, জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে সরকারপাড়া গ্রামে এক মোবাইল কোর্ট পরিচালনা করে মিজানুর রহমান মিজান নামে ওই ব্যক্তি কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মিজান কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার চর রাজিবপুর গ্রামের বছিউজ্জামানের পুত্র। ঘটনাস্থল দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া গ্রাম। আরো জানা যায়, ভেকু দিয়ে তিনি দীর্ঘ দিনধরে অবৈধভাবে মাটি কেটে আসছিল। গতকাল ১৪ জুন রোববার এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভেকু দিয়ে মাটি কাটার সময় ভেকুর মালিককে আটক করা হয়। পরে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ব্যাপারে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪/খ ধারায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
দেওয়ানগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
