শেরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

শেরপুর সংবাদদাতা
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে শেরপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে একযোগে সারা দেশে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে শেরপুর প্রান্তেও একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ মহারশী থেকে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিএনসিসি এবং সংশ্লিষ্ট অংশীজনরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।অভিযানের আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাস প্রতি শনিবার শেরপুর জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হবে।