নিজস্ব সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী সুমন ইসলামকে (২৩) কারাগারে পাঠিয়েছে আদালত। গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে মেলান্দহ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আশরাফুল হোসাইন। কারাগারে যাওয়া অভিযুক্ত স্বামী সুমন ইসলাম মেলান্দহ উপজেলার মাহমুদপুরের ইমামপুর এলাকার জিয়াউল সরদারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসের দিকে মাহমুদপুর স্বামী আগপয়লা ঠেংগেপাড়া এলাকার সোজা মিয়ার মেয়ে খাদিজাতুল কোবরার সঙ্গে একই ইউনিয়নের ইমামপুর এলাকার জিয়াউল সরদারের ছেলে সুমন ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর সুমন ইসলাম একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবী করে। স্ত্রী খাদিজাতুল কোবরা মোটরসাইকেল কেনার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অমানষিক নির্যাতন করে সুমন ইসলাম। পরে মেয়ের বাবা সোজা মিয়া মেয়ের সংসারের শান্তির জন্য মোটরসাইকেল ক্রয় বাবদ সুমন মিয়ার পরিবারকে দুই লক্ষ ২০ হাজার টাকা দেয়। চলতি বছরের মার্চের ১৪ তারিখে সুমন ইসলাম আবারো দুই লক্ষ টাকা দাবী করলে সোজা মিয়ার মেয়ে খাদিজাতুল কোবরা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী সুমন ইসলাম ও তার পরিবারের লোকজন গৃহবধু খাদিজাতুল কোবরাকে শারিরিকভাবে নির্যাতন করে। এতে ওই গৃহবধু অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফেললে সুমন ইসলাম ও তার পরিবারের লোকজন গৃহবধুর পরিবারকে না জানিয়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে বাড়ীতে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনার তিনদিন পর গৃহবধুর বাবা সোজা মিয়া ঘটনা জানার পর মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় গৃহবধু খাদিজাতুল কোবরার বাবা সোজা মিয়া বাদী হয়ে মেয়ে জামাই সুমন ইসলামসহ তিনজনকে আসামী করে মেলান্দহ থানায় মামলা (নং- ২২, ১৯/০৩/২৬) দায়ের করেন। মামলার আসামীরা হলেন, মাহমুদপুর ইউনিয়নের ইমামপুর এলাকার জিয়াউল সরদারের ছেলে সুমন ইসলাম (২৩), ছালাম সরদারের ছেলে জিয়াউল সরদার (৪৬) ও জিয়াউল সরদারের স্ত্রী বানেছা বেগম (৪২)। বাদী পক্ষের আইনজীবী আশরাফুল হোসাইন জানান, অভিযুক্ত আসামি সুমন ইসলাম খাদিজাতুল কোবরাকে ব্যাপক নির্যাতন করেছে৷ বিজ্ঞ আদালত বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মেলান্দহে স্ত্রী নির্যাতনের অভিযোগে সুমন ইসলাম কারাগারে
