সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বয়ড়া কোড়ানিপাড়া গ্রামের আব্দুর রশিদের অটোভ্যান সম্প্রতি চুরি হয়ে যায়। তার পাশে দাঁড়িয়েছেন নরওয়ে প্রবাসী মানবিক ব্যক্তি ড. মাহদি হাসান অলিভ। রশিদের অটোভ্যান চুরির খবর জানতে পেরে তিনি গতকাল বুধবার সন্ধ্যায় ( ১২ আগস্ট ) রশিদের জন্য একটি নতুন অটোভ্যান কিনে উপহার দিয়েছেন।
জানা যায়, রশিদের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান মাধ্যম ছিল তার অটোভ্যান। সম্প্রতি অটোভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন। বিষয়টি নরওয়ে প্রবাসী ড. মাহদি হাসান অলিভকে জানানো হলে তিনি রশিদের দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
গতকাল বুধবার সন্ধ্যায় কোড়ানি পাড়া মোড়ে ড. মাহদি হাসান অলিভ নিজের উদ্যোগে একটি নতুন অটোভ্যান কিনে রশিদকে উপহার দেন। এতে রশিদ আবারও স্বাভাবিকভাবে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন।
নতুন অটোভ্যান পেয়ে রশিদ আবেগাপ্লুত হয়ে ড. মাহদি হাসান অলিভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অটোভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর তিনি অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন। ড. মাহদি হাসান অলিভের এই সহযোগিতায় তিনি আবারও নতুন করে কাজ শুরু করার সুযোগ পেয়েছেন।
ড. মাহদি হাসান অলিভের এমন মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া অত্যন্ত মহৎ কাজ। একজন প্রবাসী হয়েও দেশের মানুষের প্রতি তার এমন সহযোগিতা ও ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। স্থানীয়দের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিরা এভাবেই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালে সমাজে মানবিকতার বন্ধন আরও দৃঢ় হবে।
রশিদের নতুন অটোভ্যান প্রাপ্তির মধ্য দিয়ে শুধু তার হারানো জীবিকার মাধ্যমই ফিরে আসেনি, বরং একজন অসহায় মানুষের জীবনে নতুন করে আশার আলোও জ্বলে উঠেছে।
অটো ভ্যান স্থানীয় গাড়ি দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় নজরুল ইসলাম স্বপন, তোফাজ্জল হোসেন মোল্লা,আব্দুল কাইয়ুম, হাসিবুল হোসেন বাবু সরকার প্রমুখ।
কুরআনী পাড়া গ্রামের আব্দুল কাইয়ুম সরকার বলেন, আমাদের গ্রামের বাসিন্দা নরওয়ে প্রবাসী মাহদি হাসান অলিভ অসহায় আব্দুর রশিদকে একটি ভ্যান গাড়ি কিনে দেওয়ায় একটি মহৎ কাজ করেছেন। অলিভের মত দেশের সবাই যদি সবার পাশে থাকতো এই সমাজে অসহায় লোক খুঁজে পাওয়া যেত না।
নরওয়ে প্রবাসী মাহদি হাসান অলিভ বলেন, চুরি হয়ে যাওয়া অসহায় আব্দুর রশিদের কর্মের পথ সুগম করতে একটি নতুন ভ্যান গাড়ি উপহার দিয়ে কর্মের পথ সুগম করেছি।
সরিষাবাড়ীতে অসহায় রশিদকে নতুন অটোভ্যান উপহার দিলেন নরওয়ে প্রবাসী ড. মাহদি হাসান অলিভ
