ঝিনাইাতী সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কর্তৃক সদ্য নির্মিত সড়ক পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি। প্রতিমন্ত্রী বলেন, সীমিত বরাদ্দের মধ্যেও সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ঝিনাইগাতীতে সড়ক পরিদর্শনে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
